Blog banner

Blog

ঈদ আয়োজনে থাকুক মজাদার ডেজার্ট

Posted by Khaas Food
ঈদ আয়োজনে ডেজার্ট থাকবে না তা কি হয়? আবার সেই ফিরনি বা সেমাই খেতেও ইচ্ছে করে না অনেকের। তাই ভাবনা থাকে নতুন কোন ডেজার্ট বানানোর। সেই ভাবনা থেকেই আপনাদের জন্য নিয়ে এসেছি ডেজার্টের তিনটি রেসিপি। এগুলো খেতে যেমন সুস্বাদু, তেমনি ঈদের মেনুতে যোগ করবে নতুনত্ব।

নবাবি সেমাই

উপকরণ :

সেমাই - ২০০ গ্রাম ঘি - ২ টেবিল চামচ চিনি - আধা কাপ গুড়ো দুধ - ১কাপ তরল দুধ - ১ লিটার কাস্টার্ড পাউডার - ৪ টেবিল-চামচ কনডেন্সড মিল্ক - আধা কাপ কিসমিস, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠ বাদাম - আধা কাপ

প্রস্তুত প্রনালী :

১। প্রথমে ১ লিটার তরল দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। তারপর একটা কড়াইতে ২ টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে কিসমিস কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম গুলো ভেজে তুলে রাখতে হবে। ২। কিশমিশ ও বাদামগুলো ভাজা হয়ে গেলে সেই ঘি এর মধ্যে সেমাই দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত নাড়তে হবে। এরপর সেমাইয়ের মধ্যে আধা কাপ চিনি ও আধা কাপ গুড়া দুধ দিয়ে ভেজে তুলে নিতে হবে। এখন ভাজা সেমাই এর অর্ধেকটা নিয়ে একটি পাত্রে বিছিয়ে নিতে হবে। ৩। এরপর জ্বাল দিয়ে রাখা তরল দুধের মধ্যে কাস্টার্ড পাউডার, কনডেন্স মিল্ক ও বাকি গুঁড়ো দুধ দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় ঘন না হওয়া পর্যন্ত নাড়তে হবে। ঘন হয়ে গেলে বিছিয়ে রাখা সেমাই এর উপর পুরোটা দুধের ক্রিম ঢেলে দিতে হবে । এরপর এই দুধের ক্রিম এর উপর বাকি সেমাইটা বিছিয়ে দিতে হবে। এরপর সেমাই এর উপর ভেজে রাখা কিসমিস ও বাদাম গুলো ছড়িয়ে দিতে হবে। ৪। এরপর কিছুক্ষণ বাইরে ঠান্ডা হওয়ার জন্য রেখে, নরমাল হয়ে গেলে সেটা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করা যাবে।

ডাবের পুডিং

উপকরণ :

ডাবের পানি -২ কাপ ডাবের শাঁস -১ টা ডাবের অর্ধেক চিনি - ২চা চামচ আগার আগার পাউডার -২ চা চামচ

প্রস্তুত প্রনালিঃ

প্রথমে ডাবের শাঁস লম্বা ফালি করে কেটে নিতে হবে। এরপর একটা পাত্রে ফালি করা শাঁসগুলি নিজের মনমতো সাজিয়ে নিতে হবে। এইবার অন্য পাত্রে ডাবের পানি ঢেলে তার সাথে চিনি এবং আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে চুলায় জ্বাল দিতে হবে। একবার ফুটে উঠলেই নামিয়ে যে পাত্রে ফালি করা শাঁসগুলো সাজানো হয়েছে ঐ পাত্রে ঢেলে দিতে হবে। তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ব্যস, তৈরি হয়ে গেলো ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং।

ডিমের হালুয়া

উপকরণ :

ডিম - ৪টা চিনি - আধা কাপ গুঁড়া দুধ - আধা কাপ কাঠবাদাম কুচি, কিসমিস - ৮/১০ টা সয়াবিন তেল - দুই চা চামচ ঘি - দুই চা চামচ এলাচ ও দারুচিনি গুঁড়া আধা চামচ। কেওড়া জল - আধা চা চামচ

প্রস্তুত প্রণালী :

প্রথমে ডিমগুলো ভেঙে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। তারপর এক এক করে দুধ ও চিনি দিয়ে আবারও ভালো করে বিট করে নিতে হবে। এবার একটা কড়াই গ্যাস এর চুলায় বসিয়ে তাতে সয়াবিন তেল ও ঘি দিয়ে ব্লেন্ড করা ডিম ও দুধের মিশ্রণ টা ঢেলে দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন ছোটো ছোটো দানা বেঁধে যাবে তখন আরও ভালো করে নাড়তে নাড়তে যখন তেলের ওপর উঠে আসবে বা কড়াই থেকে উঠে আসবে তখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বাটি তে ঢেলে বাদাম কুচি ও কিসমিস দিয়ে একটু কেওড়া জল দিয়ে ভালো করে পরিবেশন করতে হবে। আপনাদের ঈদ আয়োজন জমে উঠুক মজাদার সব ডেজার্ট আইটেমে।  
শেয়ার করুন: